
ঢাকা, ৯ মার্চ – লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার ঢাকার একটি আদালত এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায় সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। পরবর্তীতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাকে এই মামলার অভিযোগ থেকে খালাসের আদেশ দেন। বিচার চলাকালে সিআইডির পরিদর্শক শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডির উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখিত মোট নয়জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার নথিপত্র অনুযায়ী ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তার অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছিল। এই ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিআইডি। পরবর্তীতে তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
এনএন/ ৯ মার্চ ২০২৬





