বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয় জয়নাল আকনের মাছের ঘের থেকে অজগরটি উদ্ধার করা হয়।
জয়নাল আকন জানান, তার মাছের ঘেরে স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ করে বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। পরে স্থানীয় লোকজন মিলে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন।
এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, অজগর উদ্ধারের খবর পেয়ে বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বনকর্মীরা সাপটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করার ব্যবস্থা গ্রহন করেছে।

