মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা | চ্যানেল আই অনলাইন

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা | চ্যানেল আই অনলাইন

মাগুরার শ্রীপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে আকবর আলী (৫০) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার ১৮ মে সকালে উপজেলার মাশালিয়া ঘুনিপাড়া গ্রামের একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুর রশিদসহ একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে আকবর আলীর গ্রাম্য রাজনীতি ও সামাজিক বিরোধ চলছিল। সকালে আকবর আলী তার পাটক্ষেতে পরিচর্যার কাজে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর দ্বারিয়াপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সামাজিক বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Scroll to Top