
মুম্বাই, ৮ এপ্রিল – বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পারভিন খান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেরিন নিজেই তাঁর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জেরিন খানের জনসংযোগ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরিন ও সানা খানের মা পারভিন খান ৮ এপ্রিল মারা গেছেন। একই দিন সকাল ১০টায় মুম্বাইয়ের ভার্সোভায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরেই মায়ের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন জেরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তিনি মায়ের শারীরিক অবস্থার কথা জানাতেন এবং ভক্তদের কাছে দোয়া চাইতেন।
মায়ের দেখাশোনা করার জন্য এই অভিনেত্রী দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। গত কয়েক বছরে পারভিন খান বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০১৬ সালে তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়েও অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময়গুলোতেও জেরিন শুটিং থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থেকেছেন।
পারিবারিক জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে জেরিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলায় বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। সেই সময় চরম আর্থিক সংকটের মধ্যে তিনি একটি কল সেন্টারে চাকরি শুরু করেন। তখন তাঁর বোন পড়াশোনা করছিলেন এবং জেরিন সবেমাত্র দ্বাদশ শ্রেণি পাস করেছিলেন। সেখান থেকেই তাঁর জীবনের নতুন সংগ্রাম শুরু হয়।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬






