মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন | চ্যানেল আই অনলাইন

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের ১৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন লিটন দাস। সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলার সুযোগ পেলে দেশের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় লিটনের। এপর্যন্ত বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৭০০ রান করেছেন লিটন। তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ৬৮টি ক্যাচ ও ৫টি স্টাম্পিং করেছেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে লিটনের ব্যাটে নেই ধারাবাহিকতা। শেষ ১৮ ইনিংসে তিনি কোন হাফ-সেঞ্চুরির দেখা পাননি, যা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। সর্বশেষ অর্ধশতকটি আসে ভারতের মাটিতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। স্বাগতিকদের বিপক্ষে পুনেতে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এরপর থেকে তার ব্যাটে এসেছে মাত্র ২৯৫ রান, যার মধ্যে রয়েছে টানা নয়টি এক অঙ্কের ইনিংস। এই বাজে পারফরম্যান্সের কারণে মাঝে জাতীয় দল থেকেও বাদ পড়েছিলেন। যদিও পরবর্তীতে দলে ফিরেছেন, তবুও এখনও পর্যন্ত নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

লিটনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন ১৩জন ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭৪ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচ), মাশরাফি বিন মোর্ত্তজার (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১১৯ ম্যাচ), মেহেদী হাসান মিরাজ (১১৮ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

Scroll to Top