ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১৫ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে ময়মনসিংহে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, শিশুটি গত ৫ মে দুপুরে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে রাতে মারা যায়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ১০২জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালের তথ্যমতে, আরো জানা যায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৪মে পর্যন্ত মোট ১ হাজার ৩১৭ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮৩ জন। একই সময়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।





