
ঢাকা, ২৮ নভেম্বর – ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে আগুনে। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহত ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক জানান, রাত ১২টার দিকে সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে বাসটি পার্কিং করে চলে যান চালক। কিছুক্ষণ পর হঠাৎ বাসটিতে আগুন জ্বলে ওঠে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
ওই বাসের চালকের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটির আসন ও কাচ পুড়ে গেছে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫





