মধ্যপ্রাচ্যে সংঘাত: ‘বড় আয়োজন’ ফিফা বিশ্বকাপে প্রভাব ফেলবে না | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে সংঘাত: ‘বড় আয়োজন’ ফিফা বিশ্বকাপে প্রভাব ফেলবে না | চ্যানেল আই অনলাইন

যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে ইরান, আগ্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরাইল। অস্থিতিশীল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য। যার প্রভাব পড়তে পারে আসন্ন ফিফা বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র যার প্রধান আয়োজক, খেলবে ইরানও। তবে সব অনিশ্চয়তাকে দূরে ঠেলে বিশ্বকাপ হবেই, বলছেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি।

সোমবার ডালাসের ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে শিরগিকে বিশেষভাবে ইরান সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনিশ্চিত কিনা, কারণ দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে জড়িত। শিরগি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বকাপ আয়োজনে প্রভাব পড়বে না, বিশ্বকাপ অত্যন্ত বড় একটি আয়োজন।’

‘কোন একসময় আমরা অবশ্যই একটি সমাধানে পৌঁছাবো এবং বিশ্বকাপ অবশ্যই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ এত বড় একটি আসর যে, আমরা আশা করি যারা যোগ্যতা অর্জন করেছে তারা সবাই অংশ নিতে পারবে।’

‘ফিফা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিদিনের পরিস্থিতি মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।’

গত সপ্তাহে ফিফা জানিয়েছিল, জুনে শুরু হতে চলা বিশ্বকাপের কয়েকমাস আগে ইরানের পরিস্থিতির উপর তারা নজর রাখছে। ইরান এশিয়ান ফুটবল কনফেডারেশনের বাছাইপর্বের মাধ্যমে টুর্নামেন্টে পৌঁছার যোগ্যতা অর্জন করেছে।

ইরান ‘জি’ গ্রুপে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে খেলবে। এরমধ্যে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে, একটি সিয়াটলে হওয়ার কথা। শিরগি জানালেন, ফিফা ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রেখেছে। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

Scroll to Top