আবারও টেলিভিশনের পর্দায় আসছে ২০১৬ সালে মুক্তি পাওয়া রোমান্টিক চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’ । জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
‘প্রেমী ও প্রেমী’ মূলত মারিয়া ও সীমান্তর ভালোবাসার গল্প। প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতে বান্দরবান থেকে কলকাতার পথে সীমান্তর সঙ্গে যাত্রা করে মারিয়া। কিন্তু কলকাতায় পৌঁছে সে জানতে পারে, তার প্রেমিক আরিয়ান তাকে প্রতারণা করেছে। এরপর ভাঙা হৃদয়ে দেশে ফিরে আসে মারিয়া।
ধীরে ধীরে সীমান্তর সঙ্গে গড়ে ওঠে তার নতুন সম্পর্ক এবং শুরু হয় ভালোবাসার নতুন অধ্যায়।
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার জুটির প্রথম সিনেমা হওয়ায় মুক্তির সময়ও দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছিল আলাদা আগ্রহ।
দর্শকদের জন্য সুখবর, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ‘প্রেমী ও প্রেমী’।


