মক্কা প্যাক্ট ইস্যুতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে অটল সরকার: শামা ওবায়েদ – DesheBideshe



শামা ওবায়েদ

ঢাকা, ১ সেপ্টেম্বর – মক্কা প্যাক্টে যোগদানের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতির ওপর ভিত্তি করেই সরকার এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

তবে এই জোটে যোগ দেওয়ার জন্য এখন পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি বলে তিনি স্পষ্ট করেন। মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বা আইপিইউ মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অকল্যাণ হয় এমন কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার গ্রহণ করবে না। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের এই সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রাকে স্বাগত জানায় সংস্থাটি। এছাড়া সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, তরুণ সংসদ সদস্যদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছে আইপিইউ। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর জোরালো সমর্থন আদায়ের বিষয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এস এম/ ১ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top