ফেনীতে ‘ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে’ চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের অভিযোগে নাঈমা আক্তার লিজা (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ক্লিনিকটি সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বজনদের অভিযোগ, শুক্রবার প্রসবব্যথা শুরু হলে লিজাকে ওই ক্লিনিকে নেওয়া হয় এবং দ্রুত সিজার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, কিন্তু যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।
অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। স্বজনদের দাবি, চিকিৎসকের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। জন্মের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই মাকে হারিয়েছে নবজাতকটি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
পুলিশ জানায়, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন জানায়, বিভিন্ন অনিয়মের কারণে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে



