ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়াননির | চ্যানেল আই অনলাইন

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়াননির | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদ- বেনফিকার ম্যাচে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এ অভিযোগের প্রেক্ষিতে খেলা ১১ মিনিট বন্ধ ছিল। ভিনিসিয়াস যার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন সেই জিয়ানলুকা প্রেস্টিয়াননি অভিযোগ অস্বীকার করেছেন। 

২০ বর্ষী আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রেসটিয়ান্নি বলেছেন, প্রতিপক্ষ তাকে ভুল বুঝেছে। ভিনিসিয়াস অভিযোগ করেন বেনফিকার একজন তার প্রতি বর্ণবাদী মন্তব্য করেছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারিকে জানান এবং ক্ষোভে মাঠ ছেড়ে ডাগআউটে চলে যান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রায় ১১ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।

বিষয়টির ব্যাখ্যা করে প্রেসটিয়ান্নি বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমি কখনও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য- দুঃখের ব্যাপার তিনি আমার থেকে যা শুনেছেন বলে মনে করেছেন তা ভুল বুঝেছেন।’

‘আমি কারোও সাথেই বর্ণবাদী আচরণ করিনি এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া হুমকির জন্য আমি দুঃখিত।’

উয়েফার নিয়ম অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকইস লেতেজিয়ার ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল চালু করেন। এক পর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচ আর চালানো সম্ভব হবে না। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা আবার শুরু হয়। এ বিষয়ে ম্যাচ শেষে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দিয়েছে।

ঘটনার জেরে বেনফিকার কোচিং স্টাফের একজন সদস্যকে লাল কার্ড দেখানো হয়। পরে আলাদা এক ঘটনার জেরে দলের ম্যানেজার হোসে মরিনহোকেও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এসব ঘটনা ছাড়াও বিরতির পর যখন ভিনিসিয়াস বল স্পর্শ করেন, তখনই গ্যালারি থেকে শিস ও বিদ্রূপের শব্দ ভেসে আসতে দেখা গেছে।

একই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েন রিয়ালের আরেক তারকা কাইলিয়ান এমবাপেও। ম্যাচের শেষদিকে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। শেষ মুহূর্তে গ্যালারি থেকে রিয়াল খেলোয়াড়দের দিকে পানির বোতলসহ বিভিন্ন বস্তু ছুঁড়ে মারা হয়, যা ম্যাচের পরিবেশকে আরও অস্বস্তিকর করে তোলে।

Scroll to Top