রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে চলতি সপ্তাহেই আবার আলোচনায় বসছেন দুই পক্ষ। তবে স্প্যানিশ ক্লাবটি তাদের সর্বশেষ প্রস্তাব আর বাড়াবে না বলে জানিয়েছে।
বিশ্বকাপের পর রিয়াল ভিনিসিয়াসকে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দাবি প্রায় ৩ কোটি ইউরো। ফলে দুই পক্ষের মধ্যে এখনও বড় অঙ্কের ব্যবধান রয়ে গেছে।
২০২৭ সালের জুনে শেষ হবে ভিনিসিয়াসের বর্তমান চুক্তি। নতুন চুক্তি না হলে আগামী জানুয়ারি থেকে অন্য ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তি করতে পারবেন তিনি। সমঝোতা না হলে চলতি মৌসুমেই তাকে বিক্রি করতেও রাজি রিয়াল। সেক্ষেত্রে ক্লাবটির চাওয়া প্রায় ১৫০ মিলিয়ন ইউরো।
রিয়ালের প্রধান স্কাউট জুনি কালাফাত চুক্তি নবায়নের পক্ষে কাজ করছেন। অন্যদিকে, ভিনিসিয়াস ও তার প্রতিনিধিদের মতে, ২০১৮ সালে রিয়ালে যোগ দেয়ার পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোলসহ ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।
বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে সোমবার অনুশীলনে ফিরেছেন ভিনিসিয়াস। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে প্রস্তুতি শুরু করে তিনি জানিয়েছেন, নতুন কোচ তাকে নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে উৎসাহ দিচ্ছেন।



