
মুম্বাই, ২৫ জুলাই – ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন বলিউড অভিনেতা সালমান খান। শুরুতে আন্দোলনের প্রতি সংহতি জানালেও এবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
সেই সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান জানান যে দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
তিনি আশা প্রকাশ করেন যে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আর এই বিষয়টিকে বিবেচনায় রেখেই তিনি শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান। এর আগে গত বুধবার সালমান খান তার স্কুলজীবনের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।
সেখানে তিনি প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার জন্য একটি মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত করেন। সে সময় শিক্ষার্থীদের এই উদ্যোগের কৃতিত্ব তাদেরই প্রাপ্য বলে মন্তব্য করার পাশাপাশি আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।
চলমান পরিস্থিতিতে সালমান খান বলেন যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসনীয় ছিল। তবে আন্দোলনের একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। এ সময় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রশ্নফাঁসের মতো জটিল সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সমাধানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।
এস এম/ ২৫ জুলাই ২০২৬





