ভারতের যোধপুরে বিয়ের দিনে দুই বোনের একসাথে রহস্যময় মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতের যোধপুরে বিয়ের দিনে দুই বোনের একসাথে রহস্যময় মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতের যোধপুরের মানাই গ্রামে শোভা (২৫) এবং বিমলা (২৩) নামে দুইবোনের তাদের বিয়ের দিনে একসাথে রহস্যময় মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

শনিবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতে পুরোদমে বিয়ের আয়োজন চলছিল। আত্মীয়-স্বজন সবাই উৎসবে মেতেছেন। এসময় ঘটেছে হৃদয়বিদারক এই ঘটনা।

শনিবার ভোররাতে অসুস্থ অবস্থায় শোভা ও বিমলাকে পরিবারের সদস্যরা যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যোধপুরের এডিসিপি (পশ্চিম) রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। মধ্যরাতের দিকে তারা দুই কনেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে হঠাৎ তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে পরিবারের সদস্যরা তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে তাদের মরদেহ বাড়িতে নিয়ে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ ফিরিয়ে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হয় যে, বিষাক্ত পদার্থ খাওয়ার ফলে তারা মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ।

Scroll to Top