ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালে’ নামছে উইন্ডিজ | চ্যানেল আই অনলাইন

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালে’ নামছে উইন্ডিজ | চ্যানেল আই অনলাইন

জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। এমন সমীকরণ নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে মাঠে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি অঘোষিত ‘ফাইনালে’ রূপ নিয়েছে, বলছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

কলকাতায় ইডেন গার্ডেন্সে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে হোপ বলেছেন, ‘কোন কিছুই সহজে আসবে না। সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই জয়ের পথ খুঁজে নিতে হবে। আমরা জানি, পরের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ ঐ ম্যাচে সেরা পারফরমেন্স করা।’

‘ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা ফাইনাল হিসেবে দেখছি। এটি আমাদের প্রথম ফাইনাল। আশা করি, পরবর্তীতে আমরা আরও দুটি ফাইনাল খেলব। টানা তিন ফাইনাল জয়ই এখন আমাদের মূল লক্ষ্য। গ্রুপ পর্বে আমরা চার ম্যাচের সবগুলোতেই জিতেছি। সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছি আমরা। সতীর্থদের পারফরম্যান্সে আমি খুশি। আশা করি, টুর্নামেন্টে বাকী ম্যাচগুলোতেও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

সুপার এইট পর্বে দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে সেমির দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

Scroll to Top