প্রথম দল হিসেবে ঘরের মাঠে এবং ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবারের শিরোপাজয়ী দেশ এখন তারা। ওয়ানডে এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রিফি কিংবা এশিয়া কাপ, সবকটি বৈশ্বিক টুর্নামেন্টের সেরার মুকুট আছে তাদের ঝুলিতে। এবার চাওয়া অলিম্পিকে স্বর্ণপদক, ট্রফি হাতে এমন জানালেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
ভারতকে তৃতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতানোর পর সূর্যকুমারদের এখন লক্ষ্য, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জেতা। আহমেদাবাদে ফাইনালের পর তিনি বলেছেন, ‘এখন আমাদের পরবর্তী লক্ষ্য হল অলিম্পিকের স্বর্ণপদক এবং সেই লক্ষ্যেই আমরা দল হিসেবে কাজ করে যাব। ভুলে গেলে চলবে না, একই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপও আছে।’
‘গত একমাসের যাত্রাটা অসাধারণ ছিল। যদিও শুরুটা প্রত্যাশামতো হয়নি, কিন্তু খেলাধুলায় এটা স্বাভাবিক। পুরো যাত্রাপথ এপর্যন্ত খুবই বিশেষ ছিল এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি তা সবার সামনেই রয়েছে (ট্রফি)। এতে আমি খুবই খুশি।’
২০২৮ অলিম্পিকে ক্রিকেটে ছেলে ও মেয়েদের দুই বিভাগে ৬টি করে দল পদকের জন্য লড়বে। প্রতিযোগিতা ১৪ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়ার পর ১৯০০ সালের পর এই প্রথম আবারও অলিম্পিকে ক্রিকেট ফিরছে।
আইসিসির টি-টুয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, ছেলে ও মেয়েদের দুই বিভাগে এশিয়া অঞ্চল থেকে ভারতের যোগ্যতা অর্জনের বিষয়টি প্রায় নিশ্চিত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ড স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি অস্থায়ীভাবে নির্মিত স্টেডিয়াম।
ভারত বর্তমানে ছেলেদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। অধিনায়ক বলেছেন, ‘২০২৪ সালের পর সবকিছু বদলে গেছে। আমরা ২০২৪ সালে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম এবং সেখান থেকে বুঝেছিলাম এই দলকে সামনে এগোতে হলে কীভাবে খেলতে হবে। এরপর থেকে যাত্রাটা অসাধারণ হয়েছে। আমরা ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, আবারও ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি। ২০২৬ সালে ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমরা চাই ২০২৭, ২০২৮, ২০২৯ সালেও এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং কখনও না থামতে।’



