ভারতের দুঃখ ঘোচানো নাকি কিউইদের ২৫ বছর আগের স্মৃতি ফেরানো | চ্যানেল আই অনলাইন

ভারতের দুঃখ ঘোচানো নাকি কিউইদের ২৫ বছর আগের স্মৃতি ফেরানো | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঘরের মাঠ আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে শিরোপা জেতে সেই দুখটা কিছুটা হলেও কমিয়েছিল ভারত। ওয়ানডে ফরম্যাটের আরেকটি আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। শিরোপা মহারণে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের হারিয়ে আহমেদাবাদের সেই দুঃখ ঘোচাতে মুখিয়ে ভারত। অন্যদিকে ২০০০ সালে প্রথম ও শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড, এই ভারতকে হারিয়ে। মাঝে একবার ফাইনাল খেললেও শিরোপা যেতা হয়নি তাদের। ২৫ বছর পর আবারও ভারতকে ফাইনালে পেয়ে সেই স্মৃতি ফেরাতে চায় কিউইবাহিনী।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের ফাইনাল। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত, আর সাউথ আফ্রিকা হারিয়ে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে শিরোপা মহারণ।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে হার দেখেছিলেন। তবে এবার আর হারতে চান না। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিয়েই বাড়ি ফিরতে চান।

‘আমরা ২০২৩ সালে (বিশ্বকাপ ফাইনাল) হারলাম, তারপর টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতলাম। তাই আমার মনে হয়, এই টুর্নামেন্টে আমরা ভালো মোমেন্টাম পেয়েছি। আমাদের জন্য সত্যিই রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। আর যদি আমরা জিততে পারি, তাহলে আমার মনে হয় এই সংস্করণে মৌসুম শেষ করার জন্য দারুণ কিছু হবে এটা।’

আমাদের জন্য খুব বড় সুযোগ এটি। এমনিতে যে কোনো আইসিসি টুর্নামেন্ট বা যে কোনো আইসিসি ইভেন্টে আমাদের অনেক দায়িত্ব থাকে, ভক্তদের কাছ থেকে অনেক চাপ থাকে।’-যোগ করেন গিল।

২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। প্রায় ২৫ বছর আগের সেই স্মৃতি ফেরাতে চান কিউইরা। দলটির টপঅর্ডার উইল ইয়াং জানালেন সেই লক্ষ্যের কথা। বলেছেন, ‘ওই দলে আইকনিক কিছু ক্রিকেটার ছিলেন এবং এখনকার দলের অনেকেই ওই ক্রিকেটারদের আদর্শ মেনেই বেড়ে উঠেছে। ২৫ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি করার সুযোগ পাওয়াটা দারুণ।’

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের তৃতীয় ফাইনাল হতে চলেছে এটি। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ের পর ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালেও ভারতকে হারায় কিউইরা। ফাইনালে ভারতের বিপক্ষে তৃতীয় দেখাতেও শিরোপা তুলে ধরতে নিজেদের ভাগ্যবানই মনে করবেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আশা করি আমরা তৃতীয়বার ভাগ্যবান হব। আমি মনে করি আগামীকাল ভারত একটি চ্যালেঞ্জ হতে চলেছে। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তারা এই কন্ডিশনগুলো বেশ ভালোভাবেই বোঝে। কিন্তু আমরাও ভালো খেলছি। স্বীকার করতেই হবে, স্পষ্টতই, কিছুটা ভিন্ন কন্ডিশন। কিছুদিন আগে ভারতের বিপক্ষে রান করা আমাদের অবশ্যই সাহায্য করবে, কন্ডিশনগুলো একটু ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু এটি একটি নকআউট খেলা। যে ভালো করবে সে ট্রফি ঘরে তুলতে পারবে।’

Scroll to Top