ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ | চ্যানেল আই অনলাইন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে ভিরাট কোহলি ও রোহিত শর্মা। সাবেক দুই অধিনায়কের অবনমন হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন কেন্দ্রীয় চুক্তিতে। নতুন তালিকায় ‘বি গ্রেডে’ স্থান পেয়েছেন দুই কিংবদন্তি ক্রিকেটার। আগের চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শামি ও ঈশান কিষাণের মত তারকা ক্রিকেটার।

সোমবার ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিসিআই। এবারের মৌসুমে ‘এ+’ ক্যাটাগরি বাতিল করা হয়েছে। সর্বোচ্চ ‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন শুভমন গিল, জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

মোট ৩০ জন ক্রিকেটারকে তিনটি ক্যাটাগরিতে ‘এ গ্রেড’, ‘বি গ্রেড’ ও ‘সি গ্রেড’ চুক্তিতে রাখা হয়েছে হয়েছে। চুক্তিতে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার, শামি ও কিষাণের পাশাপাশি এই তালিকায় আছেন রজত পতিদার, মুকেশ কুমার ও সরফরাজ খান। নতুন করে জায়গা পেয়েছেন কেবল একজন- সাই সুদর্শন।

‘বি গ্রেড’ ক্যাটাগরিতে আছেন ১১ জন ক্রিকেটার। কোহলি ও রোহিতের পাশাপাশি এই গ্রেডে আছেন লোকেশ রাহুল, রিশভ পান্ট, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যশ্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও কুলদীপ যাদব।

সি ক্যাটাগরিতে মোট ১৫ জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভম দুবে, সাঞ্জু স্যামসন, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, ধ্রুব জুরেল, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, নিতীশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, ঋতুরাজ গায়কোয়াদ ও সাই সুদর্শন।

Scroll to Top