ভারতীয় সিনেমার বক্স অফিসে তৈরি হয়েছে নতুন ইতিহাস। একের পর এক চমক দেখিয়ে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি পেরিয়ে গেছে ৩ হাজার কোটির বিশাল মাইলফলক, যা আগে কোনো ভারতীয় সিরিজ করতে পারেনি। এই সাফল্যে পেছনে পড়েছে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোও। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং, সারা অর্জুনসহ আরও অনেকে। দুটি সিনেমা মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৩০১৯ কোটি রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে আয় করে ১৩০৭ কোটি রুপি। শুধু হিন্দিতে মুক্তি পাওয়া এবং উপসাগরীয় দেশগুলো ও পাকিস্তানে নিষিদ্ধ থাকা সত্ত্বেও এটি এই সাফল্য অর্জন করে।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ১৯ মার্চ মুক্তি পায়। দক্ষিণ ভারতের সব ভাষা ও হিন্দিতে মুক্তি পাওয়া এই সিনেমাটি বড় কোনও প্রতিযোগিতা ছাড়াই প্রেক্ষাগৃহে আসে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বজুড়ে ১৭১২ কোটি রুপি আয় করেছে। ফলে দুই সিনেমা মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৩০১৯ কোটি রুপি। ‘ধুরন্ধর’ ভারতে ৮৪০ কোটি রুপি নেট আয় করে এবং এটি প্রথম হিন্দি সিনেমা হিসেবে দেশীয় বাজারে ১০০০ কোটির সীমা অতিক্রম করে। বর্তমানে ছবিটির আয় ১০৮৩ কোটির বেশি এবং তা বাড়ছে।
দীর্ঘদিন ধরে সর্বোচ্চ আয় করা ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ছিল ‘বাহুবলী’র দখলে। এস. এস. রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) আয় করে ৬৫০ কোটি রুপি এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন (২০১৭) আয় করে ১৭৮৮ কোটি রুপি। দুটি মিলিয়ে মোট আয় ছিল ২৪৩৮ কোটি রুপি। অন্যদিকে পুষ্পা সিরিজে সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ (২০২১) আয় করে ৩৫০ কোটি রুপি। পরে পুষ্পা ২: দ্য রুল (২০২৪) আয় করে ১৮৭১ কোটি রুপি। ফলে মোট আয় দাঁড়ায় ২২২১ কোটি রুপি। এ ছাড়া কেজিএফ সিরিজের দুটি সিনেমা মিলিয়ে আয় ১৪৫৩ কোটি রুপি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করয়েছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদী, দানিশ প্যান্ডর এবং গৌরব গেরা। বর্তমানে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রেক্ষাগৃহে চলছে।



