নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ট্রলের শিকারও হন এই অভিনেতা। তবে এসব ট্রলকে খুব একটা গুরুত্ব দিতে চান না তিনি।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রল প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেছেন ওমর সানী। তিনি বলেন, “আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। হয়তোবা আমার কর্মকাণ্ডকে ট্রলের মতো করে ওরা নিজেরাই তৈরি করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে, যারা ট্রলের মতো করে। কিন্তু ট্রল হওয়ার মতো কোনো কাজ আমার নেই।”
নিজের স্বভাবের কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, “আমার একটাই জিনিস হচ্ছে, আমি একটু প্রতিবাদী। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। এসবে তাই পাত্তা দিই না। যারা এসব করে, তারা ফালতু লোক।”
কথা প্রসঙ্গে নিজের ব্যবহৃত ঘড়ি নিয়েও মজার একটি অভিজ্ঞতা শেয়ার করেন ওমর সানী। তিনি বলেন, “অনেকেই বাংলাদেশে বলছে, ‘ভাই, আমার ঘড়িটা দেখছেন? এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার।’ আমি সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখেছি। আমার হাতেও একটা ঘড়ি আছে। হয়তো আমি ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।”
নিজের সামর্থ্য কিংবা সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করেন না বলেও জানান ওমর সানী। তিনি বলেন, “আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনো দিন কোনো কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা নিয়েও কথা বলেন ওমর সানী। তার ভাষ্য, “যারা যারা শিল্পী, তারা তো কমই কথা বলে। আর যারা কোনো শিল্পীই নয়, ওরাই বেশি কথা বলে।”




