
ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুইদিন পর মীম (৭) নামে এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোঁপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্রী।
নিহতের পরিবার জানায়, মীম গত শনিবার সকালে নানা বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন মীমের নিখোঁজের বিষয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে আজ সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুর পাড়ের ঝোঁপে শিশু মিমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের লোকজন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে রহস্য উৎঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, গত দুই দিন আগে একটি শিশু নিখোঁজের খবর আমরা পেয়েছি। এরপর থেকে আমাদের টিম বিভিন্ন স্থানে খোঁজ করেছে। আজ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেজন্য মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…