
ঢাকা, ৬ ফেব্রুয়ারি – সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনার যেন শেষ নেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাম্প্রতিক বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে চলছে নানা গুঞ্জন।
সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিয়ে এসব প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবন ও চলমান গুঞ্জন নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন রয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী মন্তব্য করেন যে, যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলবেন তখন সবাইকে সম্মান জানিয়েই বলতে চান। তিনি একটি শান্তিপূর্ণ পরিস্থিতির প্রত্যাশা করেন। প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখবেন এবং একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, এটাই তার চাওয়া।
আসন্ন ভালোবাসা দিবস নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী। বুবলীর কাছে ভ্যালেন্টাইন মানেই তার প্রিয় মানুষগুলো। তিনি প্রতিটি দিনকেই ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চান। বিশেষ পরিকল্পনা তো থাকবেই, তবে দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা সবসময়ই তার সঙ্গে আছে বলে তিনি মনে করেন। অন্যদিকে চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশযাত্রা নিয়ে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গেও সতর্ক অবস্থান নিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রতি সম্মান রেখেই তিনি বলেন, সবকিছুরই একটা সময় আছে।
একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা সমীচীন মনে করেননি তিনি। সাংবাদিকরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন এবং দর্শকদেরও জানার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। তবে যথাযথ সম্মান বজায় রেখে শিল্পীদের উপস্থাপন করার জন্য তিনি অনুরোধ জানান।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬





