ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তার অভিনীত অধিকাংশ সিনেমাই দর্শকমহলে প্রশংসিত। দীর্ঘদিনের ক্যারিয়ারে সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে তাকে। আর সাধারণত কাজ নিয়েই আলোচনা ও শিরোনামে থাকেন এ অভিনেত্রী।

অভিনেত্রী মিম কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। ফেসবুকে বিভিন্ন সময় নিজের ক্যারিয়ার সংক্রান্ত নানা খবরাখবর, পারিবারিক আয়োজন এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদযাপনের মুহূর্ত তুলে ধরেন। এবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি।
এদিন ফেসবুকে শাড়িতে ঐতিহ্যবাহী বৈশাখী সাজে করা ফটোশুটের অনেকগুলো ছবি পোস্ট করেছেন মিম। যা সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোয় হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে দেখা গেছে তাকে।
এছাড়া পাড়ের লাল আভা এবং হাতে ছিল রঙিন চুড়ির সমন্বয়ের সঙ্গে খোলা চুলে ফুলের মালা, কপালে ছোট লাল টিপ ও মানানসই অলংকারে তার মধ্যে ফুটে উঠেছে বাংলাদেশি নারীর চিরচেনা ঐতিহ্যবাহী রূপ।
অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ আর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। মন্তব্যের ঘরে নেটিজেনরাও পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় তারকাকে।


