
ঢাকা, ১২ আগস্ট – দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য উত্থান লক্ষ্য করা গেছে। এক দিনের ব্যবধানে দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার দেশের গ্রস রিজার্ভের এই চিত্র পাওয়া গেছে। এর আগে গত সোমবার দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। ওই দিন আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। এছাড়া গত রোববার এই রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
উল্লেখ্য যে আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম৬ পদ্ধতিকে সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিপিএম৬ হিসেবেও দেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করার তথ্য জানানো হয়েছিল।
এনএন/ ১২ আগস্ট ২০২৬


