জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে।
সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো বলেও জানান তিনি।
এ সময় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।



