স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিরাত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় সব কাগজপত্র বাংলাদেশ সরকারের ইতিমধ্যে পাঠিয়েছে। ইউএই গভর্মন্টের (সরকার) তরফ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। আশা করি, শিগগির জানানো হবে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এই সভার আয়োজক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন ইউএই গভর্নমেন্টের (সরকার) রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তাঁর (বেনজীর আহমেদ) সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, ফেডারেল পুলিশের কাছেই আছে; তাঁদের হেফাজতেই আছে। অন্য কোনো সংবাদ আমি জানি না।’
বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যাহত ‘পুশ-ইন’ঠেকাতে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে। কাউকেই জোর করে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।


