বাংলাদেশের ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক কোন ব্যস্ততা নেই। ফাঁকা এ সময়ে তাই গেল ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন তিনি। তবে আলোচনায় আছে স্বেচ্ছায় বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন বুলবুল। এ বিষয়ে অবশ্য কিছুই জানেন না সহ-সভাপতি ফারুক আহমেদ।
গত কয়েক মাস ধরেই বাংলাদেশের ক্রিকেট খানিকটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিসিবির ‘বিতর্কিত’ নির্বাচনের পর বিদ্রোহী ক্লাবদের ছাড়া লিগ আয়োজন, বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া অনত্যম। এছাড়া বিসিবির পরিচালক ইশতিয়াক সাদিকের পদত্যাগ, আরেক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই চাপে আছেন বুলবুল।
আলোচনায় আছে, এমন পরিস্থিতিতে স্বেচ্ছায় বোর্ড থেকে পদত্যাগ করতে পারেন বুলবুল। এ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে শুক্রবার গণমাধ্যমে ফারুক আহমেদ বলেছেন, ‘এই (আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করতে চান) প্রশ্নের ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যত দূর জানি উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন।’
সাম্প্রতিক সময়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সম্পর্কটা খুব বেশি ভালো নয় বিসিবির। কিছুদিন আগে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।
এ প্রসঙ্গে ফারুক বলেছেন, ‘আমি মনে করি আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সাংবাদিক, যারা ক্রিকেট সংক্রান্ত-সবার সাথে একটা সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই। একটা লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশের ক্রিকেট। এজন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়।’



