
ঢাকা, ২৪ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডির তথ্য অনুযায়ী ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের অনুরোধে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ওই সময় ডা. কাজী মাজহারুল ইসলাম এবং ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এই অর্থের একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে এবং বাকি অর্থ নগদে প্রদান করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞা জানান লেনদেনের পর আসিফ আকবর তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনো পরিশোধ করা হয়নি। পাওনা টাকা ফেরত চাইলে তিনি নানাভাবে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগে বলা হয়। পাওনা টাকা না পেয়ে এবং নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আইনি পদক্ষেপ হিসেবে এই জিডি করেন সালাহউদ্দিন ভূঞা।
রমনা মডেল থানার ডিউটি অফিসার আবু হানিফ এই আবেদনে স্বাক্ষর করেছেন। পুরো ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে।
এনএন/ ২৪ মার্চ ২০২৬





