
ঢাকা, ৭ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনা প্রক্রিয়া চলছে। সন্ধ্যা ৬টা নাগাদ পরিচালক পদে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
সকালে ভোটগ্রহণ শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ভোট প্রদানকারী ভোটারদের মধ্যে ছিলেন তামিম ইকবাল, ইসরাফিল খসরু, রুবেল হোসেন, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম, মিজানুর রহমান এবং আমজাদ হোসেনের মতো ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
নির্বাচন মূলত তিনটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ক্যাটাগরি তিন থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং ক্যাটাগরি দুই থেকে আরও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে নির্বাচনের আগেই আটজন পরিচালকের জয় নিশ্চিত হয়ে গেছে।
এছাড়া ৩৯ জন ভোটার ই ভোট প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যার সময়সীমা ছিল আজ দুপুর ১টা পর্যন্ত। বোর্ডের ১৫টি পরিচালক পদের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
খুলনার দুটি পরিচালক পদের জন্য লড়ছেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং মোহাম্মদ আবদুস সালাম। বরিশালের একটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী। ক্লাব ক্যাটাগরির আওতায় ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের তালিকায় রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান সহ আরও অনেকে। সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে বিসিবির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এম/ ৭ জুন ২০২৬






