
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিশ্বের চলচ্চিত্রশিল্পে হলিউডের বাইরেও বিভিন্ন দেশের জনপ্রিয় সুপারস্টাররা নিজেদের অবস্থান শক্তভাবে তৈরি করেছেন। তাদেরই একজন হিসেবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নাম উঠে এসেছে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ওয়ার্তা ইকোনোমি-তে।
অর্থনীতি বিষয়ক এই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৫০ দেশের বিখ্যাত সুপারস্টারদের স্টারডম জরিপ করে তালিকাটি করা হয়েছে। শুক্রবার প্রকাশিত সেই তালিকায় ৫০ দেশের প্রভাবশালী তারকাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ২৫ নম্বরে রয়েছেন শাকিব খান।
তার পাশাপাশি শুরুর দিকে স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের টম হ্যাঙ্কস, ভারতের শাহরুখ খান, হংকংয়ের ব্রুস লি, চীনের জ্যাকি চ্যান, পাকিস্তানের ফাওয়াদ খান, তুরস্কের বুরাক ওজচিভিতের মতো তারকারা।
বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পের পরিচিত অভিনেতাদের নিয়ে তৈরি এই তালিকায় স্পেন, জার্মানি, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডসহ মোট ৫০টি দেশের নাম রয়েছে।
দেশভিত্তিক এই তালিকায় শাকিব খানের অন্তর্ভুক্তি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিত্বের বিষয়টি সামনে এনেছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে জনপ্রিয়তা ধরে রেখেছেন শাকিব খান। বাণিজ্যিক সাফল্য, দর্শকপ্রিয়তা এবং একের পর এক আলোচিত সিনেমার মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রশিল্পে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনীত সিনেমা দেশের বাইরেও মুক্তি পাচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার দর্শক বাড়ানোর সম্ভাবনা তৈরি করছে।
শাহরুখ খান, জ্যাকি চ্যান কিংবা কিয়ানু রিভসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেতাদের সঙ্গে একই তালিকায় শাকিব খানের নাম থাকাকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে।
ভিনদেশি একটি সংবাদমাধ্যমের তালিকায় বাংলাদেশের একজন অভিনেতার অন্তর্ভুক্তি দেশের চলচ্চিত্রশিল্পের পরিচিতি তুলে ধরারও একটি উপলক্ষ।
তবে তালিকাটিকে বিশ্বের সেরা ৫০ অভিনেতার আনুষ্ঠানিক আন্তর্জাতিক র্যাঙ্কিং হিসেবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি। কিন্তু ভিনদেশী সংবাদ মাধ্যমের এমন জরিপ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শাকিব খানের নাম থাকা যে গর্বের, সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

