বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল স্পেন। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বার্সেলোনার উদীয়মান তারকা ফেরমিন লোপেজ। ক্লাব ও জাতীয় দল সতীর্থের পাশে দাঁড়ালেন লামিন ইয়ামাল।
২০২৪ ইউরো এবং অলিম্পিকে স্পেনের সাফল্যে বড় ভূমিকা রাখা ফেরমিন লোপেজ এবার ছিলেন লুই ডে লা ফুয়েন্তের বিশ্বকাপ পরিকল্পনার অন্যতম প্রধান অংশ। তবে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৩-১ গোলের জেতা ম্যাচে পায়ে মারাত্মক আঘাত পান তিনি।
বার্সেলোনা নিশ্চিত করেছে, ২৩ বর্ষী অ্যাটাকিং মিডফিল্ডারের ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ে ফ্র্যাকচার ধরা পড়েছে এবং তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে। সদ্য সমাপ্ত মৌসুমে বার্সার হয়ে ৩০টি গোলে সরাসরি অবদান রাখা এই তরুণের বিশ্বকাপ স্বপ্ন এখন শেষ।
স্পেনের দুশ্চিন্তার নাম কেবল লোপজ নন, লামিন ইয়ামালও চোটে ভুগছেন। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইয়ামালকে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নিজের ইনজুরি নিয়ে লড়াই করতে থাকা ইয়ামাল লোপেজের সাথে উদযাপনের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা তোমার জন্য এটি করে দেখাব, আমার যোদ্ধা।’
আসন্ন আসরে গ্রুপ ‘এইচ’-এ স্পেন। সঙ্গী হিসেবে আছে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে তিনি খেলতে পারবেন না। এমনকি সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে আশা করা যাচ্ছে, নকআউট পর্বের আগেই ফিরবেন ইয়ামাল।





