২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেন দলের উদযাপন ঘিরে একের পর এক আলোচিত ঘটনা সামনে আসছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। স্টেডিয়াম ছাড়ার সময় তার হাতে দেখা গেছে সাদা একটি পলিথিন ব্যাগ, যার ভেতরে ছিল দেখতে অনেকটা বিশ্বকাপ ট্রফির মতো কিছু।
পরে জানা যায়, বিষয়টি আসলে তেমন নয়। কুকুরেয়ার হাতে থাকা জিনিসটি ফিফার আসল বিশ্বকাপ ট্রফি নয়, বরং সেটি ছিল বিশ্বকাপ ট্রফির একটি লেগো তৈরি প্রতিরূপ বলে ধারণা করা হচ্ছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্পেনের ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে বিশেষ সংস্করণের একটি লেগো সেট উন্মোচন করেছে লেগো গ্রুপ। ‘ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল ট্রফি–চ্যাম্পিয়ন্স এডিশন’ নামের এই সেটটি আপাতত শুধু স্পেনেই বিক্রি হবে। ফলে বিশ্বের অন্যান্য দেশের সংগ্রাহক ও ফুটবলভক্তদের জন্য এটি হয়ে উঠতে পারে দুর্লভ একটি সংগ্রহ।
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই শিরোপা জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই লেগো তাদের বিশেষ সংস্করণের ট্রফি সেটটি প্রকাশ করে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য চ্যাম্পিয়ন দলকে মাথায় রেখেই আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল এই বিশেষ সংস্করণ।
🚨🚨جنووووووون 💀💀💀💀💀💀
كوكوريلا شايل معاه لقب كأس العالم في كيس قمامة 😂😂😂😂😂 pic.twitter.com/rLHDLneggu
— محمود (@MH_1902) July 20, 2026
২ হাজার ৮৪৫টি খণ্ডে তৈরি সেটটিতে নিয়মিত সংস্করণের তুলনায় তিনটি অতিরিক্ত অংশ রয়েছে। ট্রফির ভেতরে লুকানো ডায়োরামায় আগের মিনিফিগারের পরিবর্তে রাখা হয়েছে একটি ক্ষুদ্র বিজয়মঞ্চ, যেখানে রয়েছে ছোট আকারের বিশ্বকাপ ট্রফি। এর পেছনে সংযুক্ত করা হয়েছে বিশেষ প্রিন্টেড টাইল, যাতে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের নাম উল্লেখ রয়েছে।
এছাড়া ট্রফির বেসের প্রিন্টেড ডিস্কেও যুক্ত করা হয়েছে ‘২০২৬ এসপানা’। সেখানে ১৯৭৪ সাল থেকে শুরু করে আগের বিশ্বচ্যাম্পিয়নদের তালিকার পাশাপাশি স্পেনের নতুন শিরোপার স্বীকৃতিও যোগ করা হয়েছে।

তবে সেটি কিনতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ১ অক্টোবর থেকে সরবরাহ শুরু হবে এই বিশেষ সংস্করণের ট্রফি। বর্তমানে এটি শুধু স্পেনে লেগোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত রয়েছে।
স্পেনে সেটটির মূল্য রাখা হয়েছে ১৯৯ দশমিক ৯৯ ইউরো, যা নিয়মিত ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল ট্রফি সেটের চেয়ে ২০ ইউরো বেশি। এছাড়া প্রতিটি ক্রেতা সর্বোচ্চ একটি সেট কেনার সুযোগ পাবেন।
লেগোর ইতিহাসে প্রচারণামূলক বা বিশেষ আয়োজনের বাইরে শুধুমাত্র একটি অঞ্চলের জন্য নির্ধারিত সেটের সংখ্যা খুবই কম। সে কারণে সংগ্রাহকদের কাছে এই চ্যাম্পিয়ন্স এডিশন ভবিষ্যতে বেশ মূল্যবান ও কাঙ্ক্ষিত সংগ্রহে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।



