
ওয়াশিংটন, ৪ মার্চ – আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জি গ্রুপে রয়েছে ইরান। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জুনে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে দলের অংশগ্রহণ নিয়ে গভীর অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে তিনি মন্তব্য করেছেন যে মার্কিন হামলার পর বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া কঠিন। একটি ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তাজ হুঁশিয়ারি দিয়ে বলেন যে তাদের মাতৃভূমিতে হওয়া হামলার জবাব দেওয়া হবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে ইরান বর্তমানে টিকে থাকার লড়াই করছে এবং তিনি তাদের অংশগ্রহণ নিয়ে ভাবছেন না।
এর আগে ট্রাম্প বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার ইঙ্গিত দিলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গ্রুপ পর্ব শেষে সমীকরণ মিললে ডালাসে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সোমবার এএফসি উইমেনস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় এসেছে ইরানের নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ইরানি খেলোয়াড়রা নীরব প্রতিবাদ জানালে দর্শকরা তাদের সাহসিকতার প্রশংসা করেন।
এম ম/ ৪ মার্চ ২০২৬




