বিশ্বকাপের দল ঘোষণার আগে নেইমারের বদলি নিয়ে এ কোন নাটক

বিশ্বকাপের দল ঘোষণার আগে নেইমারের বদলি নিয়ে এ কোন নাটক

আজ সোমবার রাত বাংলাদেশ সময় ২টায় ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার সময় একটি নামের দিকে চোখ থাকবে সবার—নেইমার। গতকাল রাতে নিজেকে প্রমাণের জন্য শেষবারের মতো মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু এমন ম্যাচেই নেইমার শিকার হয়েছেন অদ্ভুত এক প্রহসনের।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফোর্থ অফিশিয়ালের ভুলে বদলি হিসেবে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে মাঠ ছাড়তে হওয়ায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। রাগে-ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় এই ফরোয়ার্ডকে।

গতকাল রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোটের চিকিৎসা নিতে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। ঠিক তখনই চতুর্থ অফিশিয়াল বদলির বোর্ডে ১০ নম্বর দেখান। তখন ম্যাচের ৬৫ মিনিট। সেই অফিশিয়াল বদলির এই বোর্ড দেখিয়ে নেইমারের বদলি হিসেবে নামানোর ঘোষণা দেন রবিনিও জুনিয়রকে। কিন্তু বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বিভ্রান্তি তৈরি হয়। আসলে বদলি হওয়ার কথা ছিল গনসালো এস্কোবারের। মাঠে ফিরতে গেলে নেইমারকে হলুদ কার্ডও দেখান রেফারি।

এরপর ক্ষুব্ধ নেইমার কর্মকর্তাদের কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে দেখান। তিনি বোঝান, এস্কোবারের বদলির নম্বরের জায়গায় ভুল করে তাঁর জার্সি নম্বর দেখানো হয়েছে। শেষ পর্যন্ত নেইমার মাঠ ছাড়েন এবং অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন এস্কোবারের হাতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোস এক বিবৃতিতে জানায়, ‘চতুর্থ কর্মকর্তা বদলির ক্ষেত্রে ভুল করেছেন। টেলিভিশনের ফুটেজ ও কর্মকর্তাদের ব্যবহৃত নোটেও সেটি পরিষ্কার দেখা গেছে। অথচ এই অবিশ্বাস্য ভুলটি আর সংশোধন করা হয়নি।’

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক গোল ৭৯টি। তবে চোটের কারণে ২০২৩ সালের পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি।

Scroll to Top