দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই ২৫ বছরের সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন। দীর্ঘ আড়াই দশক ধরে বাংলা গানের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই শিল্পীর এমন সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন তার অসংখ্য ভক্ত ও শ্রোতা। তার কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে।
গতকাল এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাহসান। সেখানে তিনি স্পষ্ট করেন ব্যস্ত ক্যারিয়ার ছেড়ে এখন কী করতে চান।
তাহসান বলেন, ‘আমি জীবনকে উপভোগ করতে চাই। জীবন উপভোগ করে সময় কাটছে। একসময় গান লেখা, সুর করা, গানের রেকর্ডিং, কনসার্ট—সব অনেক প্রেম নিয়ে উপভোগ করতাম। তারপর একটা সময় ভুলে গিয়েছিলাম, কীভাবে এই উপহারগুলো উপভোগ করতে হয়।
বিরতিতে আবার চেষ্টা করছি সেই পুরোনো মানুষটাকে খুঁজে বের করতে। তারকাখ্যাতি আর খ্যাতির বিড়ম্বনা থেকে দূরে থাকাটা খুব জরুরি এই কাজটায়। এভাবেই সময়গুলো কাটিয়ে দিচ্ছি।’



