
তেলেঙ্গানা, ৪ মার্চ – দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এই নবদম্পতি। সোমবার তেলেঙ্গানার খাম্মানপেটে বিজয়ের পৈতৃক ভিটায় পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা।
তবে এই সফর শুধুমাত্র পারিবারিক আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। গ্রামের বাড়িতে দাঁড়িয়েই বিজয় তাঁর ব্যক্তিগত চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে একটি বিশেষ স্কলারশিপ প্রকল্পের ঘোষণা দেন। তিনি জানান তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় আনা হবে। অভিনেতার এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করা।
স্বামীর এমন জনহিতকর কাজে গর্ব প্রকাশ করেছেন রাশমিকা মান্দান্না এবং ছেলের মানবিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ের মা। এছাড়া বিজয় নিজের শিকড়কে ভুলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসী ও ভক্তদের আশ্বস্ত করেন যে তিনি নিয়মিত পৈতৃক গ্রামে যাতায়াত করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই দম্পতি।
এস এম/ ৪ মার্চ ২০২৬





