ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনায় ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ইশতেহারে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলা হয়েছে। এ কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে।
কৃষিখাতে উৎপাদনের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদারের পরিকল্পনা রয়েছে। একই সুবিধা পাবেন মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও ক্ষুদ্র কৃষি উদ্যোক্তারা।
স্বাস্থ্য খাতে দুর্নীতিমুক্ত ও মানবিক সেবা নিশ্চিত করতে দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষাব্যবস্থায় বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক নীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় অগ্রাধিকার, প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালুর কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।
তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্সে সংযোগ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ ছাড়া ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে নদী-খাল খনন, বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরা হয়।



