ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জনতা পার্টি বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, জনগণের রায়ই গণতন্ত্রের মূল ভিত্তি এবং সেই রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক রাজনৈতিক দলের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
গোলাম সারোয়ার মিলন বলেন, দেশের জনগণ নতুন সরকারের কাছে সর্বাগ্রে যে প্রত্যাশা ব্যক্ত করেছে তা হলো—রাষ্ট্রপরিচালনায় দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ও কঠোর অবস্থান গ্রহণ। দুর্নীতির প্রশ্নে কোনো ধরনের সহনশীলতা, দলীয় পক্ষপাত বা প্রশাসনিক গাফিলতি জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।
প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও উৎপাদনমুখী অর্থনীতি প্রতিষ্ঠা এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প ও কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা এবং আর্থিক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে হবে। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহ্রাসকারী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে নতুন সরকার নীতিনিষ্ঠ, দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে গৃহীত যেকোনো ইতিবাচক ও কল্যাণমুখী উদ্যোগে জনতা পার্টি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।



