বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত, ঘাতক চালক গ্রেপ্তার

বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত, ঘাতক চালক গ্রেপ্তার

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীতে বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত, ঘাতক চালক গ্রেপ্তার

এর আগে আনোয়ারকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিসমিল্লাহ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার একই উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের মৃত বসির উল্যার ছেলে।

সম্প্রতি আনোয়ার বিসমিল্লাহ রোড এলাকায় চা দোকানির ব্যবসা শুরু করেন।

র‌্যাব জানায়, ৩ আগস্ট সকালে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়নপুর দোকান ঘর এলাকায় স্টার লাইনের একটি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন। নিহতরা হলেন- অটোরিকশা চালক জসিম উদ্দিন (৫৫), তার মা তাহেরা বেগম (৭৫) ও জেঠাতো ভাই সলিমুল্লহার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)। তারা বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির বাসিন্দা।

ঘাতক বাসটি ফেনী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছালে রাস্তা সরু হওয়ায় বাসটি উল্টো পথে নিয়ে যায় চালক। এতে বাসচাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই ঘাতক চালক বাস রেখে পালিয়ে যায়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন, ছায়াতদন্তের মাধ্যমে ঘাতক চালক আনোয়ারকে শনাক্ত করা হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বেগমগঞ্জে চাসচাপায় তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্তকে র‌্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে নোয়াখালী আদালতে সোপর্দ করা হবে।

Scroll to Top