বায়ুদূষণের দিক থেকে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন ঢাকার বায়ু মান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ২৮৩, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি সেখানে বায়ু মান সূচক ২৫৬। ২১৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে কুয়েতের কুয়েত সিটি। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২১৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত, যেখানে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বারা অন্তর্ভুক্ত।
১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।


