
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বসন্তের আগমন ঘটলেও বৃষ্টির দেখা না মেলায় রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ঢাকা। এদিন সকালে ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৬, যা পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
গত ডিসেম্বরের শেষ দিকে সামান্য বৃষ্টির পর দীর্ঘ সময় ধরে অনাবৃষ্টির কারণে ধুলোবালু ও দূষিত কণা বাতাসে মিশে পরিস্থিতিকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় দেখা যায়, একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ভারতের দিল্লি ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় এবং কলকাতা ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। তালিকার পঞ্চম স্থানে থাকা চীনের ইউহান শহরের স্কোর ১৭২। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণের এই তীব্রতা গত কয়েক দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণ সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
ঢাকার বর্তমান স্কোর ২৭৬ হওয়ায় এটি ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বায়ুদূষণের ফলে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সেই সাথে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার এবং দীর্ঘ সময় বাইরে কায়িক পরিশ্রম না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬





