বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে তেলের বাজারে যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে, তা স্থিতিশীল করার জন্য এবং সরবরাহের ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসন মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে জ্বালানি সংস্থাগুলোকে ৫৩ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে। একটি বৈশ্বিক চুক্তির অধীনে এই এটি করা হবে।

মঙ্গলবার (১২ মে) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

এক্সন মবিল, ট্রাফিগুরা এবং ম্যারাথন পেট্রোলিয়াম কোম্পানি সহ নয়টি কোম্পানি, জ্বালানি বিভাগ (ডিওই) গত মাসে এসপিআর থেকে ধার দেওয়ার জন্য প্রস্তাবিত ৯২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেলের মাত্র প্রায় ৫৮ শতাংশ ধার নিয়েছে।

ডিওই এসপিআর থেকে ইতোমধ্যে প্রায় ৮০ মিলিয়ন ব্যারেল ধার দিয়েছে, কারণ তারা মোট ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ৩০টিরও বেশি দেশের সঙ্গে মার্চ মাসে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার বিষয়ে চুক্তি করেছে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে তেল ও জ্বালানির মূল্যবৃদ্ধি কমানোর জন্য এই চুক্তি করা হয়েছে।

আইইএ-র প্রধান ফাতিহ বিরোল বলেছেন, এই যুদ্ধ সর্বকালের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তিনি বলেন, যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হতে থাকলে আইইএ কৌশলগত মজুদ থেকে অতিরিক্ত তেল ছাড়তে প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত সদস্য দেশগুলো সম্ভাব্য মজুদের ২০ শতাংশ তেল ছেড়েছে বলেও জানান তিনি।

এএএ মোটর ক্লাবের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে গড়ে ৪ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

জ্বালানি বিভাগ (ডিওই) এসপিআর থেকে বিভিন্ন কোম্পানিকে তেল ধার দিচ্ছে, যারা অপরিশোধিত তেলে ২৪ শতাংশ পর্যন্ত প্রিমিয়ামসহ পরিশোধ করবে। বিভাগটি বলছে, এই ব্যবস্থা মার্কিন করদাতাদের কোনো খরচ ছাড়াই বাজার স্থিতিশীল করতে সাহায্য করবে।

টেক্সাস ও লুইজিয়ানার উপকূলের চারটি স্থানে গুহার মধ্যে সংরক্ষিত এসপিআর-এ বর্তমানে প্রায় ৩৮৪ মিলিয়ন ব্যারেল তেল রয়েছে, যা বিশ্বে চার দিনে ব্যবহৃত তেলের চেয়েও কম।

Scroll to Top