শুধু নাটক করা নয়, ছোটদের অসংখ্য জিনিস, ছোটদের ভালো লাগে, এমন জিনিস নিয়ে মুস্তাফা মনোয়ারের ধ্যানধারণা ছিল। আমি একবার, আমি, আলী ইমাম—আমরা সবাই মিলে একবার ওয়াল্ট ডিজনির জন্মদিন এক বছরে দুবার উদ্যাপন করে ফেলেছিলাম। ভুলটা স্বীকার করে পরবর্তী সময় টেলিভিশন কর্তৃপক্ষকে, খালেদা আপা ছিলেন, তাঁকে বলেছিলাম যে আপা ভুল হয়ে গেছে।
কিন্তু মুস্তাফা মনোয়ার বলেছিলেন, ‘শোনো, ওয়াল্ট ডিজনির জন্মদিন যদি ভুলে কেউ দুবারও পালন করে, সেটা একদিক দিয়ে ভালো।’ আমি বলেছিলাম, স্যার, কেন? তিনি বললেন, ‘ছোটরা ওয়াল্ট ডিজনি সম্পর্কে আরও জানতে পারবে। মিকি মাউস সম্পর্কে ছোটদের জানা খুব প্রয়োজন। জন্মদিন না হলেও মিকি মাউস নিয়ে, ছোটদের প্রিয় চরিত্র নিয়ে কাজ করো। ছোটদের কখনো ছোট মনে করবে না। তারাই কিন্তু একদিন এই দেশ চালাবে, তারাই একদিন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে।’



