‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’ | চ্যানেল আই অনলাইন

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’ | চ্যানেল আই অনলাইন

গত বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলেছেন নাসুম আহমেদ। আসরে ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট নেন তিনি, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। দলের হয়ে দারুণ পারফর্ম করলেও এখনও পারিশ্রমিকের ৩৫ টাকা পাননি টাইগার স্পিনার। এবার হতাশ হয়ে ফ্র‌্যাঞ্চাইজিটির মালিকপক্ষকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন।’

বিষয়টি কিছুদিন আগেও আলোচনায় এসেছিল। তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি দাবি করেছিল, নাসুমকে পাওনা সকল টাকা তারা বুঝিয়ে দিয়েছে। এবং নাসুম যে দাবি করছেন সেটা অযৌক্তিক।

তবে সোমবার সামাজিত যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট করেছেন নাসুম। যেখানে ৩৫ লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে আরো ৩৫ লাখ টাকা তার পাওনা আছে বলে দাবি করছেন এই ক্রিকেটার। প্রমাণ হিসেবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো একটি চুক্তি পত্রও দেখিয়েছেন তিনি। যেখানে ৭০ লাখ টাকায় তার সঙ্গে চুক্তির কথা উল্লেখ্য আছে।

পোস্টে নাসুম লিখেছেন, ‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’

নাসুম আরও লিখেছেন, ‘ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন-আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন-সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।’

‘ভাই, আমার টাকাগুলো যেন পাই-এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।’-যোগ করেন নাসুম।

Scroll to Top