এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ ভ্রমণে আসা এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম আকবর আলী মন্ডল।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতের মুর্শিদাবাদ থেকে আসা ছয় বন্ধু মিরপুর ১০ নম্বরের একটি আবাসিক হোটেলে ওঠেন। রাতে আকবর আলী মন্ডল অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে।
নিহত আকবর আলীর বন্ধু ফারজু মণ্ডল জানান, শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসে তারা। সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে ওঠেন। রাতে ঘুমের মধ্যে আকবর হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাকে মিরপুর ২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আজ ভোর ৪টার দিকে এক ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।





