বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান – DesheBideshe

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান – DesheBideshe

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান – DesheBideshe

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। অর্থ মন্ত্রণালয় সূত্রে বুধবার এই তথ্য জানা গেছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন বলে নিশ্চিত হওয়া গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল, যিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণকারী মো. মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাদার যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির একজন ফেলো মেম্বার হিসেবে যুক্ত রয়েছেন।

মোস্তাকুর রহমান কেবল একজন তাত্ত্বিক বিশেষজ্ঞ নন, বরং তিনি একজন অভিজ্ঞ উদ্যোক্তা ও জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স বিশেষজ্ঞ। করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাপনায় তাঁর তিন দশকেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কৃষিভিত্তিক এন্টারপ্রাইজ ও শিল্প উদ্যোগে বিনিয়োগ তদারকি এবং আর্থিক পরিকল্পনায় তাঁর ব্যাপক দক্ষতা রয়েছে। বর্তমানে তিনি রপ্তানিমুখী সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top