দুইযুগ পর অস্ট্রেলিয়ায় টেস্টে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৯ উইকেটের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে এখন টিম টাইগার্স। আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রশংসা করতে পিছিয়ে নেই অজি অধিনায়ক প্যাট কামিন্সও।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচের আগেরদিন কামিন্স একাদশ ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
কামিন্স বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সেরা ফর্মের ধারে কাছেও ছিলাম না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ সত্যিই খুব ভালো খেলেছে। তারা খুবই দারুণ ক্রিকেট দল।’
ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে সাড়ে তিন দিনে জয় তোলে বাংলাদেশ। ১১ সেশনের সবকটিতে দুর্দান্ত ব্যাটিং-বোলিং করে টিম টাইগার্স। হাসান ৬ উইকেট নেন, মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট, তানজিদ হাসান সেঞ্চুরি করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ আধিপত্য বিস্তার করে খেলেছিল সফরকারী দল।

