ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিক চলতি বছরেও অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা সফর করেছিলেন।
উইলিয়াম মাইলামের মৃত্যুর খবরটি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার সাবেক সহকর্মী ও মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। এছাড়া মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও মাইলামের প্রয়াণে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাত দিয়ে মুশফিকুল ফজল আনসারী তার মৃত্যুর বিস্তারিত তথ্য জানান।
উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে এবং দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


