
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এখনও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের জন্য সেই পথ প্রায় বন্ধ। তবে চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও ভালো করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। পয়েন্ট তালিকায় অন্তত পঞ্চম স্থানে থেকে আসর শেষ করতে চায় তারা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। তার আশা, সিরিজের ম্যাচগুলো জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষটা স্মরণীয় করে রাখতে পারবেন তারা।
বলেছেন, ‘এ বছর চার টেস্টের দুটিতে জয়, এক ড্র এবং হেরেছি একটিতে। এই সিরিজে আমরা দুটি ম্যাচই জিততে চাই। এর ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে বছর শেষ করতে পারব। আমাদের জন্য সেটা হবে দারুণ বড়দিনের উপহার।’
বাংলাদেশের কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়াকেই ম্যাচের ফল নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন ক্যারিবীয় অধিনায়ক। তার মতে, একই উইকেটে দুই দলকেই খেলতে হবে। তাই পরিস্থিতির সঙ্গে যারা ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে, জয় তাদেরই হবে।
বলেছেন, ‘দুই দলকেই একই উইকেটে খেলতে হবে। এখানে চার ইনিংসের খেলায় যে দল উইকেটের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই জিতবে।’
উইন্ডিজ স্কোয়াডের ১০ ক্রিকেটারেরই বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তবে অনভিজ্ঞতা নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে চান না চেজ। বরং ক্রিকেটারদের নির্ভয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
বলেছেন, ‘আমরা চাই তারা ভয়ডরহীনভাবে মাঠে নামুক। উইকেটে স্পিন হবে নাকি পেসাররা সুবিধা পাবে-এসব নিয়ে আগে থেকে বেশি ভাবতে চাই না। আমরা প্রতিটি বল ধরে খেলতে চাই।’
ব্যাটিং পরিকল্পনা নিয়েও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন চেজ। তার মতে, প্রথম ইনিংসে ৩০০-এর বেশি রান তোলা অবশ্যই ইতিবাচক। তবে শুধু প্রথম ইনিংসেই নয়, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।
বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। বলেছেন, ‘তাদের বোলিং শক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
সিরিজের আগে খেলোয়াড়দের চুক্তি ও আর্থিক বিষয় নিয়ে আলোচনার প্রভাব দলের পারফরম্যান্সে পড়বে কি না, সে প্রসঙ্গেও কথা বলেছেন চেজ। বলেছেন, ‘দলের হয়ে প্রতিনিধিত্ব করার অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন সবাই।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

